চট্রগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীতে বীথি বৈদ্য (২২) ‍নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে তথ্য পেয়ে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বাশুড়িকে নিজেদের হেফাজতে নিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৃহবধূর মৃত্যু হয়েছে।

তার স্বামী মিন্টু কুমার দে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামের বাসিন্দা। নগরীর বাকলিয়া থানার ফুলতলা এলাকায় মেরন সান স্কুলের পাশে ইসমাইল সাহেবের বিলিডংয়ে স্ত্রী-শ্বাশুড়ি নিয়ে তারা বসবাস করেন।

পুলিশ ও এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, স্বামীর সঙ্গে অভিমান করে বীথি নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাসার লোকজন দেখতে পেয়ে লাশ নামানোর সময় মেঝেতে পড়ে বীথির মাথার পেছনে থেতলে যায়।

আত্মহত্যার পর আইনি জটিলতা এড়াতে স্বামীসহ পরিবারের লোকজন গভীর রাতে বীথির লাশ নগরীর বলুয়ার দিঘির মহাশ্মশানে নিয়ে যায়। কিন্তু শ্মশান কর্তৃপক্ষ মাথার নিচে জখম দেখে সৎকারে অস্বীকৃতি জানিয়ে কোতয়ালি থানায় খবর দেন।

কোতয়ালি থানা পুলিশ খবর নিয়ে ঘটনাস্থল বাকলিয়া থানা এলাকায় দেখে সেখানে খবর পাঠান। খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ রাতে শ্মশানে গিয়ে লাশ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানতে চাইলে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গৃহবধূ আত্মহত্যা করেছে বলে শুনেছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি পরিস্কার হবে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও শ্বাশুড়িকে থানায় এনেছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.