রাস্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত চবি শিক্ষক আনোয়ারের জামিন বহাল
সিটি নিউজঃ রাস্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পরবর্তী শুনানি পর্যন্ত উচ্চ আদালতের জামিন বহাল থাকবেন বলে আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আনোয়ার হোসেন চৌধুরী।
আজ শুনানির সময় মামলার বাদী ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান তানভীর উপস্থিত ছিলেন না; এর আগে তিনি মামলাটি প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেন।
এ অবস্থায় আজ দুপুরে জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের মধ্যে যুক্তিতর্ক হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের কাছে সময় চাইলে আদালত এক সপ্তাহ সময় দেন।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর ফখরুদ্দীন চৌধুরী বলেন, মামলাটি ভালোভাবে পর্যালোচনা করার জন্য আদালতের কাছে কয়েকদিন সময় চেয়েছিলাম। আদালত সাত দিন সময় দিয়েছেন। আনোয়ার হোসেনের জামিন পরবর্তী শুনানির দিন পর্যন্ত বহাল থাকবে বলে আদালত আদেশ দিয়েছেন।
