সিটিনিউজবিডি : খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় দ্বিতীয় দিনে আটজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানার আদালতে সোমবার তাদের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সুলতানা রহমান শিল্পী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সাক্ষ্যগ্রহণের সময় মামলার তিন আসামি মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগমকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে উপস্থিত করা হয়।
প্রথমে দুপুর ১টার দিকে নিহত শিশু রাকিবের মা লাকি বেগম ও ছোট বোন শিশু লিনার সাক্ষ্যগ্রহণ করা হয়। তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন।
জবানবন্দী গ্রহণের সময় শিশু লিনা তার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে আসামিদেরও সেইভাবে হত্যা করার জন্য আদালতকে দাবি জানায়। এ সময় আদালত কক্ষে শোকের আবহ সৃষ্টি হয়।
মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতানা রহমানকে সহায়তা দিচ্ছেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট মেনুল ইসলাম।
রাকিবের মা লাকি বেগমের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার ও এ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন তাদের জেরা করেন।
