চট্রগ্রাম অফিস :: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আর ইউ চৌধুরী শাহীনসহ দু’জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদের মধ্যে শাহীনকে নগরীর বিবিরহাট থেকেগ্রেপ্তার করা হয়েছে। সাইমুম নামে একজনকে হামজারবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাইমুমের বাসা থেকে দু’টি রামদা ও তিনটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার বাসায় শিবিরের কিছু সাংগঠনিক বইপত্রও উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর-পশ্চিম) এবিএম ফয়জুল ইসলাম বলেন, সাইমুম শিবির কর্মী বলে আমাদের কাছে তথ্য আছে। কিন্তু আটকের পর সে নিজেকে ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দিচ্ছে।
সূত্রমতে, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা নিয়েছিল বলে তথ্য পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
