চট্রগ্রাম অফিস :: এডিপি’র অর্থায়নে প্রায় ১৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথ ভাবে নির্মাণ করছে পোর্ট কানেকটিং সড়ক, কালভার্ট ও ফুটপাত। বারিক বিল্ডিং থেকে নিমতলা বিমান চত্ত্বর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক, কালভার্ট ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করলেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
৯ ডিসেম্বর ২০১৫খ্রি. বুধবার, ফলক উন্মোচন ও মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র। পরে তিনি পায়ে হেঁটে নির্মাণ কাজ পরিদর্শন করেন। 
ফলক উন্মোচন অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ২০১৫-২০১৬ অর্থ বছরে জাইকা, সিএমডিপি, থোক, রাজস্ব, এডিপি ইত্যাদি মিলে প্রায় ৬ শত কোটি টাকার উন্নয়ন কাজ পরিচালিত হবে। তিনি বলেন, নগরীর সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চট্টগ্রামের প্রতি রয়েছে। ইতোমধ্যে ট্যানেল নির্মাণ, বে-টারমিনাল নির্মাণ, রিং রোড নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, পানি শোধনাগার নির্মাণ, মহেষখালে বাঁধ নির্মাণ, সুইস গেইট নির্মাণ, বেড়ী বাঁধ নির্মাণ সহ নানা ধরনের উন্নয়ন কাজের অনুমোদন এসেছে। সিটি মেয়র বলেন, প্রাচ্যের রানী চট্টগ্রাম তার হারানো গৌরব ফিরে পাবে। চট্টগ্রাম হবে নান্দনিক, গ্রিন ও ক্লিন সিটি।
তিনি নগরবাসীর সহযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন এগিয়ে নিতে তাঁর ইচ্ছা ও আগ্রহ ব্যক্ত করেন। সড়ক উন্নয়ন কাজ উদ্বোধনের সময় কাউন্সিলর আবদুল কাদের, শৈবাল দাশ সুমন, ফেরদৌসি আকবর, আওয়ামীলীগ নেতা সুলতান আহমদ, জহুর আহমদ, সুলতান আহমদ, এ কে এস জয়নাল আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী প্রকৌশলী বিপ্লব দাশ, আবু সাহাদাত, মোহাম্মদ তৈয়ব, জসিম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী শহীদুল্লাহ, রতন সেন দাশ, আবদুল হামিদ, আবুল কালাম ও ছাত্র নেতা মো. ইমতিয়াজ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
