নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয় সমুহে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ আজ থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান শুক্রবার সকালে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঠ্য পুস্তক বিতরণ উৎসবে ছাত্রীদের হাতে পাঠ্য বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ১৪০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে এই বই বিতরন করা হয়।
এ উপলক্ষে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সাইয়্যাদ গোলাম হায়দার মিন্টু’র সভাপতিত্বে ও প্রাত বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নওশাদ বেগম কাতেবী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা জারেকা বেগম, দিবা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোবাশ্বেরা বেগম, চকবাজার থানা আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ভুঁইয়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য ইকবাল আলী নেওয়াজ, আবদুল হান্নান, সিনিয়র শিক্ষক মো. বদিউল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত মেয়র মিসেস জোবাইরা নার্গিস খান বলেন, শিক্ষার উন্নয়ন ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না। তাই দেশের ধারক বাহক আগামি প্রজন্মের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে সরকার বিনামূল্যে পুস্তক বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। ভারপ্রাপ্ত মেয়র বলেন, আমাদের সময় শিক্ষার্থীরা পুরাতন বই পড়ে লেখা পড়া করেছে। আর তোমরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়েছ। এ ধরণের উদ্যোগ বাস্তবায়ন সত্যিই দুর্লভ ও কঠিন কাজ। বর্তমান সরকারের আন্তরিকতা, সদিচ্ছার কারণে বছরের প্রথম দিনেই এ ধরণের একটি দুরূহ কাজ সম্ভবপর হয়েছে।
তার জন্য ভারপ্রাপ্ত মেয়র বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন সরকারের শিক্ষা মন্ত্রণালয় আজকেই সারাদেশে একযোগে নতুন বই বিতরণ উৎসব শুরু করেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ ইংরেজী নববর্ষের প্রথম দিনেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ৪৬টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও নতুন বই দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার পর আমরা বহুক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। এই অর্জনকে ধরে রাখতে পারলে দেশ স্বনির্ভরতা অর্জনে সক্ষম হবে। ভারপ্রাপ্ত মেয়র বলেন, বর্তমান শিক্ষার্থীরা যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে। এই প্রসঙ্গে ভারপ্রাপ্ত মেয়র ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল করা এবং মেধা ও প্রতিভা বিকাশে ছাত্রীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি নীতি নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার উপর স্কুলের শিক্ষকদের একনিষ্ঠ ভাবে দায়িত্ব পালনের আহবান জানান এবং সন্তানদের নিয়মিত স্কুলে আসা -যাওয়া, পড়া লেখার বিষয়টি খেয়াল রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করেন।
