নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী মনসুর আহম্মেদকে কুপিয়ে হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার মুহিতুল হক এনাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- চন্দনাইশ উপজেলার মো. হেশাম উদ্দিন ও তার ভাই মোহাম্মদ শফিক। এ মামলায় অপর ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
আদালত সূত্র জানা গেছে, ২০১০ সালে ৭ মার্চ রাতে চন্দনাইশ উপজেলার মধ্যম বাইনজুরি গ্রামে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ী মনসুর আহম্মেদকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হারেজ খান চন্দনাইশ থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
