নিজস্ব প্রতিবেদক : অপহরণের ১২ দিন পর চট্রগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ নাঙ্গলমোড়া থেকে অপহৃত শিশু শোয়েব আকতার আপনকে উদ্ধার (১২) করেছে পুলিশ। শনিবার ভোর ৬টার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় মূল অপহরণকারী দিদারুল আলমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত ১০ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬ টার দিকে নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার কাছিম মাঝির বাড়ি থেকে অপহরণ করা হয় শিশু আপনকে। উদ্ধার হওয়া আপন হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। সে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়ার কাছিম মাঝির বাড়ির প্রবাসী মো. কবিরের ছেলে।
হাটহাজারী থানার ওসি ইছমাইল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার ভোরে খাগড়াছড়ি জেলার গুইমারা ইউনিয়নে অভিযান চালিয়ে অপহুত শিশু শোয়েব আকতার আপনকে উদ্ধার করা হয়। এর আগে রাঙ্গুনিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ অপহরণের মুল আসামী দিদারুল আলমসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র জানায়, আপনের বাবা কবিরের সাথে প্রবাসে একই এলাকার গোলাম মোস্তফা নামে এক ব্যক্তির আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। কবির প্রবাসে থাকার সুযোগে গত রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে গোলাম মোস্তফার শালা দিদারুল আলম বহিরাগতদের নিয়ে আপনকে অপহরণ করে। এ ঘটনায় তিনদিন পর ১৩ জানুয়ারি (বুধবার) রাতে হাটহাজারী থানায় দিদারুল আলমকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে আপনকে উদ্ধারের দাবিতে হাটহাজারী কলেজ গেট এলাকায় মানবন্ধন করে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।
