চট্রগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন মাতৃসদনে সঠিক পরিচর্যার অভাবে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।
নবজাতকের মৃত্যুর জেরে রোববার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর সদরঘাটে হাসপাতালের এক নম্বর ইউনিটে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নগরীর রিয়াজউদ্দিন বাজারের আড়তদার ও সদরঘাটের কামাল গেইটের বাসিন্দা মো.আল আমিন শনিবার তার স্ত্রীকে মেমন হাসপাতালে ভর্তি করেন। বেলা ১২টার দিকে তার স্ত্রী রোকেয়া বেগম সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পরপর অসুস্থ হয়ে পড়া নবজাতকটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আল আমিন বলেন, ডেলিভারির পর ১০ মিনিট আমাদের বাচ্চা দেখানো হয়নি। প্রথমে আমাদের বলা হয়েছিল মা ও ছেলে দু’জনই সুস্থ আছে। আধাঘণ্টা পর এসে বলা হল ছেলের অবস্থা খারাপ। বাঁচাতে হলে চট্টগ্রাম মেডিকেল অথবা মা ও শিশু হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্স চাইলাম। তারা বলল, অ্যাম্বুলেন্স নাই। তারা অক্সিজেন মাস্ক খুলে নিতে চাইল। আমি দিতে বললে তারা বলল সিলিন্ডার ফেরত দিতে হবে। এরপর ডাক্তাররা আমার সঙ্গে তর্কাতর্কি করতে থাকেন। এতে সময়ক্ষেপণ হয়।
‘পরে আমি নিজেই আমার সন্তানকে অটোরিক্সা ভাড়া করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। সেখানে নেয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। ’ বলেন আল আমিন।
এ প্রসঙ্গে মেমন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আক্তার বলেন, হাসপাতালে সংস্কার কাজ চলছে। এজন্য পরিচর্যায় একটু ব্যাঘাত হতেই পারে। তবে আমি যতটুকু জানি কোন চিকিৎসকের অবহেলা ছিলনা। তারপরও আমরা একটি তদন্ত কমিটি করব।
