চট্টগ্রাম: নারী কেলেঙ্কারির অভিযোগ উঠার পর চট্টগ্রাম আদালত থেকে নাজিম উদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) নাজিম উদ্দিন নামে ওই কনস্টেবলকে বদলি করে বন্দর বিভাগে পাঠানোর আদেশ দিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, আদালতে সম্ভবত কোন সমস্যা হয়েছিল। প্রশাসনিক কারণে বদলির সুপারিশ আসার পর কনস্টেবল নাজিম উদ্দিনকে বন্দর বিভাগে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন চট্টগ্রাম আদালতে পুলিশ মেসের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিল। ২০১১ সাল থেকে নাজিম উদ্দিন চট্টগ্রাম আদালতে কর্মরত ছিলেন।
গত শনিবার রাতে আদালতের পুলিশ মেসে ভাঙচুরের ঘটনা ঘটে। নাজিম উদ্দিনের সঙ্গে আদালত এলাকার ভাসমান এক নারীর বাকবিতণ্ডার জেরে এ ভাংচুর হয়েছে বলে তথ্য পান নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। এছাড়া ওই নারীকে নাজিম উদ্দিন ধর্ষণ করেছে বলে আদালত পাড়ায় খবর ছড়িয়ে পড়ে। ওই নারীও বিভিন্নজনের কাছে গিয়ে মৌখিকভাবে এ অভিযোগ করার পর নাজিমের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।
নগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, প্রাথমিক তদন্তে আমরা যেটা পেয়েছি, ওই নারী মেসে এসে নাজিম উদ্দিনের কাছে ভাত খেতে চায়। নাজিম টাকা খুঁজলে সে তার কাছে টাকা নেই বলে জানায়। এতে নাজিম ভাত দিতে অপারগতা প্রকাশ করলে ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে ওই নারী মেসের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পরে আদালতের বিভিন্নজনের কাছে গিয়ে তাকে নির্যাতনের অভিযোগ তুলেছে।
‘ওই নারী আমাদের কাছে লিখিত কোন অভিযোগ করেনি। এরপরও যেহেতু অভিযোগ উঠেছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর নাজিম উদ্দিন মেসের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। এর আগেও তার সঙ্গে অনেকের ঝগড়া হয়েছে। প্রশাসনিক কারণে তাকে বদলির সুপারিশ করেছি। ’ বলেন নির্মলেন্দু।
সূত্রমতে, তদন্তে নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে তাকে বরখাস্তের সুপারিশ করবে নগর পুলিশের প্রসিকিউশন শাখা।
