চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর ও র্যানং বন্দর সংযোগের বিষয়ে সমঝোতা চুক্তির প্রেক্ষিতে থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় থাইল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন বন্দরের সদস্য (প্রকৌশল) জুলফিকার আজিজ।
এসময় চট্টগ্রাম বন্দরের অবকাঠামোসহ অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন তিনি। বৈঠকে র্যানং বন্দরের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন থাইল্যান্ড পোর্ট অথরিটির বিজনেস প্রমোশন প্রধান তানাই ভিপাসাথাভাচ।
বৈঠকে থাই প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও চট্টগ্রাম বন্দরের পক্ষে উপস্থিত ছিলেন বন্দর সদস্য (প্রশাসন) জাফর আলম, বন্দর সচিব ওমর ফারুক, বন্দর পরিচালক (প্রশাসন) সাদেকা বেগম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, কাস্টমসের সহকারী কমিশনার মুকিতুল হাসান।
দুপুর একটায় বৈঠক শেষ হয়। এরপর বন্দরের জেটি পরিদর্শন করে থাই প্রতিনিধি দল। বিকেলে তাদের ইপিজেড পরিদর্শনের কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে চট্টগ্রাম বন্দর-র্যানং বন্দর সংযোগে সমঝোতা চুক্তির বিষয়ে সম্মত হয় দুই দেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায় এবং অপর পক্ষে নেতৃত্ব দেন থাইল্যান্ডের পোর্ট অথরিটির সহকারী মহাপরিচালক প্রজাক শ্রীভাথানা।
