নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন চট্টগ্রাম শহরে প্রায় ছয় হাজার পুলিশ সদস্য সেবার পশরা নিয়ে তোমাদের সেবা ও নিরাপত্তার জন্য পাশে আছে। তিনি বলেন চট্টগ্রাম শহরে এমন কোন খারাপ লোক নেই যে আমার মেয়েদের কটুক্তি করতে পারে। ক্লাসে আসা যাওয়ার পথে কিছু অনাকাঙ্গিত সমস্যা থেকে মুক্তি পেতে ছাত্রীদের দলবদ্ধভাবে চলাফেরা করারও পরামর্শ দেন।
বৃহস্পতিবার ১১.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অনুষ্ঠিত “সামাজিক ও নিরাপত্তা” বিষয়ক জনসচেতনতা কর্মসূচি’তে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপস্থিত ডাক্তার এবং মেডিকেল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন চিকিৎসার মতো মহান পেশায় নিবেদিত প্রাণ হয়ে আপনারা মানুষের সেবা করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা। আমাদের শরীরের অঙ্গগুলো প্রতি নিয়ত নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করে যাচ্ছে অথচ আমরা আমাদের শরীরের এই অঙ্গগুলোকে কতটুকু ভালবাসছি একটু খেয়াল করি না। আমরা প্রথমে নিজেদের শরীরের অঙ্গগুলোকে ভালবাসবো।একইভাবে আমরা ভালবাসবো নিজের আত্মীয়স্বজনদের, নিজের প্রতিবেশীদের এবং নিজের দেশকে। তিনি উল্লেখ করেন ৯ম শ্রেনীতে পড়াশোনারত অবস্থায় আমি দেশের জন্য মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধে শহীদের আত্মত্যাগের কল্যাণে আজ আমরা সবাই স্বাধীন দেশের সুফল ভোগ করছি।
তিনি আরো বলেন গত বছর আমি যখন মা ও শিশু হাসপাতালে এসেছিলাম আশে পাশে অনেক ময়লা ছিল কিন্তু এবছর আশে পাশে অনেক সুন্দর পরিবেশ, আর একইভাবে পুরোদেশটাই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন আমাদের মন আমাদের মস্তিককে নিয়ন্ত্রন করে, তাই সার্বিক উন্নয়নের জন্য আমাদের এই মনকে নেতিবাচক কাজগুলো হতে নিয়ন্ত্রন করে ইতিবাচক কাজগুলোর দিকে ধাবিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) জনাব উক্য সিং, সহকারী পুলিশ কমিশনা (স্টাফ অফিসার) জনাব আসিফ মহিউদ্দিন, কার্যনিবার্হী কমিটির সভাপতি জনাব এএফএম ফজলুল করিম, সহসভাপতি জনাব সৈয়দ মোর্শেদ, জনাব রেজাউল করিম, অধ্যক্ষ প্রফেসর এএমএস মোস্তাক আহমেদ, ডা. আরিফুল ইসলাম, মা ও শিশু হাসপাতালের সকল ডাক্তার, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
………..জেএম /সিটিনিউজবিডি
