বিনোদন : উপমহাদেশের অন্যতম খ্যাতি সম্পন্ন সুরকার ও সঙ্গীত পরিচালক রবিন ঘোষ মারা গেছেন। শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর গুলশানের কিউর মেডিক্যাল সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
আজ সকালে তার মৃত্যুর খবরটি স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী শবনম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে রবিন ঘোষ ব্রঙ্কাইটিস ও হৃদরোগে ভুগছিল। গত পরশুদিন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ বিকালে ওয়ারিতে রবিন ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৬০-এর দশকে চলচ্চিত্র পরিচালক এহতেশাম রেডিও স্টেশন পরিদর্শনে আসেন। সেখানে তিনি রবিন ঘোষকে তার চলচ্চিত্রের গানে সুর দেয়ার জন্য অনুরোধ জানান। ‘রাজধানীর বুকে’ নামের একটি বাংলা চলচ্চিত্রের গানের মাধ্যমে রবিন ঘোষের অভিষেক ঘটে। এরপর থেকে তিনি অগণিত বাংলা ও উর্দু চলচ্চিত্রের অনেক গানে সুরারোপ করেন। তন্মধ্যে – তালাস, পয়সা, চাকোরী এবং ভাইয়া অন্যতম।
তুম মেরে হো চলচ্চিত্রটি মুক্তিলাভের পর রবিন ঘোষ করাচীতে চলে যান। সেখানে তিনি চলচ্চিত্রের গানে ১৯৮০-এর দশক পর্যন্ত একাধানে সুর করে যান। ‘আয়না’ চলচ্চিত্রের গানগুলোয় সুরারোপ করেন। এ চলচ্চিত্রটি পরবর্তীতে পাকিস্তানের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সফল চলচ্চিত্রের মর্যাদা পেয়েছিল।
‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘পীচ ঢালা এই পথটারে’ সহ অসংখ্য গানের সুর করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন রবিন ঘোষ।
