আন্তর্জাতিক ডেস্ক,সিটিনিউজবিডিঃ পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। এদের মধ্যে তিনজনই কিশোর। তারা ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। এ তথ্য জানিয়েছে, ইসরায়েলের কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, আরো এক ফিলিস্তিনি কিশোরী হামলার চেষ্টা করায় গুরুতর আহত হয়েছে। তবে কোনো ঘটনাতেই ইসরায়েলি বাহিনীর কেউ হতাহত হয়নি।
গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ১শ ৬০ জনের বেশি ফিলিস্তিনি এবং ২৬ জন ইসরায়েলি বিভিন্ন সহিংসতায় নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞলে জেনিনের কাছে রোববার দুই ফিলিস্তিনি কিশোর চলন্ত গাড়িকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করলে তাদেরকে গুলি করা হয়। ওই কিশোরদের বয়স ১৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
ওই ঘটনার পর আরো দুই ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশের হাতে নিহত হয়েছে। জেরুজালেমের প্রবেশ পথে একটি চেক পয়েন্টে ইসরায়েলি পুলিশ ওই পথে প্রবেশকারী সব গাড়ি চেক করছিল। সেসময় এক ফিলিস্তিনি যুবক ছুড়ি হাতে পুলিশের ওপর ধাওয়া করলে পুলিশ তাকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ওই তরুণের বয়স ১৭ এব সে বেথেলহেমের কাছাকাছি একটি গ্রামের বাসিন্দা।
এছাড়া অপর একটি সহিংসতায় দুই ফিলিস্তিনি ইসরায়েলি পুলিশের ওপর গুলি ছোড়ে। পরে পুলিশের পাল্টা গুলিতে তাদের মৃত্যু হয়েছে।
