আশ্রমের জায়গা দখল: পাহাড়তলীর কাউন্সিলরের বিরুদ্ধে সমন জারি

0

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

বুধবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি ও ধাম কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার বিশ্বাস মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্সিলরকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

চন্দন কুমার বিশ্বাস বলেন, ‘কৈবল্যধাম আশ্রম সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী তীর্থস্থান। কিন্তু দীর্ঘদিন যাবৎ কৈবল্যধাম আশ্রমের সীমানা দেয়াল ভেঙে জায়গা দখলের চেষ্টা করছেন কাউন্সিলর জহুরুল আলম জসিম। সর্বশেষ ২১ ফেব্রুয়ারি সকালে কৈবল্যধামের মূল ফটকের সামনে বুলডোজার দিয়ে একটি বড় গর্ত খোঁড়া শুরু করেন কাউন্সিলর। এতে মন্দিরের দেয়ালে ফাটল সৃষ্টি হয়।’

তিনি আরো বলেন, ‘পরে ওসির হস্তক্ষেপে গর্ত খোঁড়া বন্ধ হলেও ওইদিন বিকেলে কাউন্সিলর জসিম কৈবল্যধাম এলাকায় সমাবেশ করেন। যা সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এবং ব্যক্তিগত ভাবে আমার মানহানি করা হয়েছে।’

তাই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৫ এবং মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় জহুরুল আলম জসিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলা আমলে নিয়ে ২২ মে’র মধ্যে কাউন্সিলরকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানান তিনি।
এদিকে বুধবার দুপুরে কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেন শ্রী শ্রী কৈবল্যধাম মন্দিরের ভক্ত অনুরাগীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেয়র কার্যালয় ঘেরাও করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.