চট্টগ্রাম : ‘বাংলাদেশের হাইড্রোগ্রাফিক সক্ষমতা সারা বিশ্বে ব্যাপক প্রসংশিত। বাংলাদেশ নৌবাহিনীর প্রকাশিত হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট ও প্রকাশনা সমূহ আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের প্রতি কনফিডেন্স আছে বলেই বাংলাদেশ নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের নেতৃত্ব দিচ্ছে।’
বুধবার দুপুরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’তে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ১৬ তম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন) ও নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় তিন তিনব্যাপি এ আন্তর্জাতিক সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ৯টি সদস্য দেশ, পাঁচটি সহযোগী দেশ ও একটি পর্যবেক্ষক দেশের ২জন ভাইস অ্যাডমিরাল ও ৫জন রিয়ার অ্যাডমিরালসহ বিভিন্ন দেশের হাইড্রোগ্রাফিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন বলেন, ‘হাইড্রোগ্রাফিক কমিশনের এ সম্মেলনে কারিগরি দিককে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে। সমুদ্র সম্পদ আহরণ, ম্যারিটাইম প্রতিরক্ষা ও নিরাপত্তা, হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট তৈরী, পজিসন নির্ধারণ ও ওভারলেপিং বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। এসময় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্তে পৌছায় আলোচকরা।’
সুনামির মত প্রাকৃতিক দুর্যোগ সাগরতলের হাইড্রোগ্রাফিক অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে জানিয়ে, এ জন্য হাইড্রোগ্রাফিক সার্ভের উপর গুরুত্ব আরোপ করেন রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন।
তিনি বলেন, ‘সুনামির পরে শ্রীলংকা ও মালদ্বীপে সহায়তা নিয়ে যাওয়া বিভিন্ন দেশের ত্রাণবাহী জাহাজকে সমস্যায় পরতে হয়েছে। পরে শুধু মাত্র ওই জাহাজ চালানোর জন্য তাদের আলাদা ভাবে সার্ভে করতে হয়ে ছিলো। বাংলাদেশ দুর্যোগ প্রবন দেশ, তাই আমাদের জন্য হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট ও গবেষণা খুব গুরুত্বপুর্ণ বিষয়। এ লক্ষে আশপাশের অঞ্চলের দেশগুলোর সহায়তা প্রয়োজন।’
সম্মেলনে ২০১৭ সালে মিশর এবং ২০১৮ সালে ভারত নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশ গুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মিশর ও যুক্তরাজ্য। সহযোগী রাষ্ট্র হিসেবে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, সিসিলিস। গতবছর ২০১৫ সালে ওমানের রাজধানী মাস্কাটে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন অনুষ্ঠিত হয়।

Comments are closed.