ঢাকায় আসছেন প্রসেনজিৎ

বিনোদন : আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ ও ভারতের কলকাতায় একযোগে মুক্তি পাচ্ছে ‘শঙ্খচিল’ ছবিটি। এ উপলক্ষে আগামী ১২ এপ্রিল সন্ধ্যায় ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ।

‘শঙ্খচিল’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে আগামী ১২ এপ্রিল সকালে ঢাকায় আসবেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক প্রসেনজিৎ। ছবিতে বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকাদারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ থেকে ‘শঙ্খচিল’ প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র। অন্যদিকে ভারতের পক্ষে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা এন আইডিয়াস লিমিটেড ছবিটির প্রযোজনার দায়িত্ব পালন করেছে।

এদিকে ‘শঙ্খচিল’ এর উদ্বোধনী প্রদর্শনীতে আরও উপস্থিত থাকবেন ছবির পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী কুসুম সিকদার, সাঁঝবাতি প্রমুখ।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকার মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে পরিচালক গৌতম ঘোষ নির্মাণ করেছেন ‘শঙ্খচিল’। যা ইতিমধ্যেই ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.