ফটিকছড়িতে অপহরণ করে হত্যার চেষ্টা

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জের ধরে মো. হাসান (২৬) এক যুবককে অপহরণের পর জবাই করে হত্যার চেষ্টা করেছে ছাত্রলীগ নেতাকর্মী। এ ঘটনায় এলাকাবাসী দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলেন, উপজেলার কাঞ্চন নগরে তারেক (২২) ও আকাশ (২৪)। তারা দুইজন স্থানীয় ছাত্রলীগ কর্মী বলে পুলিশ স্বীকার করেছে।

পুলিশ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ বাড়ির আবুল খায়ের এর পুত্র মো. হাসান বুধবার বিকাল সাড়ে চারটায় ফটিকছড়ি সদরস্থ ডা. উ.চ.শৈ (চাকমা)’র চেম্বারে তার স্ত্রীকে চিকিৎসা করাতে যায়। এসময় ফটিকছড়ি কলেজ ছাত্রলীগ নেতা ইমরানের নেতৃত্বে ৫ যুবকের একটি গ্রুপ ডাক্তারের চেম্বার থেকে যুবক হাসানকে অপহরণ করে কাঞ্চন নগর রাবার বাগান এলাকায় নিয়ে যায়। বাগানের গহীণ জঙ্গলে তাকে হাত পা বেঁধে কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে। গুরুত্বর আহত হাসান জানায়,৫ যুবকের সাথে সে প্রাণপণ যুদ্ধ করে দৌড়ে কাঞ্চন নগর রাবার বাগানের বটতল রাস্তার মাথায় চলে আসে। সড়কের কাছাকাছি পৌছালে লোকজনের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সন্ধ্যা ৬টার দিকে রক্তাক্ত ও মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

ফটিকছড়ির থানার ফাঁড়ি দায়িত্বরত উপ-পরিদর্শক সৈয়দুল আলম স্থানীয় সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ নেতা ইমরানের সাথে আহত হাসানের পারিবারিক বিরোধ রয়েছে। এর জের ধরে ছাত্রলীগ কর্মীরা হাসানকে অপহরণ করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আটক রয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। গুরুত্বর আহত হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.