নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে এখন প্রচণ্ড গরম। যার ফলে ডায়রিয়া, ভাইরাস জ্বর ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। হাসপাতাল সূত্র জানায়, গতকাল শুক্রবার হাসপাতালে ভর্তি হওয়া ২৫৫ শিশুর মধ্যে ৯০ জনই ছিল ডায়রিয়ায় আক্রান্ত। অন্যদের মধ্যে বেশির ভাগই জ্বর রোগে আক্রান্ত। অন্তর্বিভাগের পাশাপাশি বহির্বিভাগে এ ধরনের রোগী আসছে। বহির্বিভাগে প্রতিদিন ২০০ রোগী দেখা হয়। সেখানেও প্রায় অর্ধেক ডায়রিয়া আর বাকিরা গরমজনিত শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগেও শ্বাসকষ্টজনিত রোগী বেড়েছে। তবে এখানে ডায়রিয়া রোগী তুলনামূলকভাবে কম। গতকাল ওয়ার্ডে মোট ১১৩ জন রোগী ছিল। তার মধ্যে জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগী এক-তৃতীয়াংশ বলে জানা যায়।
বিভাগীয় প্রধান প্রণব কুমার চৌধুরী বলেন, ‘গরমের কারণে শিশুদের শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। ভাইরাস জ্বরও হচ্ছে। এ ছাড়া ডায়রিয়ায়ও আক্রান্ত হচ্ছে শিশুরা। এ ধরনের রোগী আমরা বেশি পাচ্ছি চেম্বারে। হাসপাতালে শ্বাসকষ্টের রোগী স্বাভাবিকের চেয়ে বেশি আসছে।’ চিকিৎসকেরা বলেন, গরমে বাইরের পচা-বাসি খাবার ও দূষিত পানির কারণে শিশুরা ডায়রিয়া ও জন্ডিসে আক্রান্ত হচ্ছে। একই কারণে শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া রোগী বেড়েছে।
গরমের কারণে পানিশূন্যতা দেখা দিচ্ছে শিশুদের। এসব ক্ষেত্রে দেরি না করে হাসপাতাল কিংবা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Comments are closed.