আন্তর্জাতিক : পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘এটা খুব পরিষ্কার, আমরাই ক্ষমতায় ফিরছি।’ গতকাল শনিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ হয়। এদিন নিজ আসন কলকাতার ভবানীপুরে ভোট দিয়ে সাংবাদিকদের সামনে এই একটি বাক্যেই নিজের প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেসপ্রধান।
গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হুগলি, দক্ষিণ চবি্বশ পরগনা ও কলকাতা দক্ষিণের ৫৩টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। গত দফাগুলোয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার মুখে ছিল নির্বাচন কমিশন। এ দফায় বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে সহিংসতা এড়ানো যায়নি। মোটামুটি শান্তিপূর্ণ ভোটেও কয়েক স্থানে বিচ্ছিন্ন সহিংসতা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনের মিত্র ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন। কেন্দ্রের বাইরে বের হয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে ‘ভি’ চিহ্ন দেখিয়ে বলেন, ‘আমরাই ক্ষমতায় আসছি।’ এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জোটপ্রার্থী কংগ্রেসের দীপা দাশমুন্সি এবং বিজেপির প্রার্থী নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। দীপা দাশমুন্সি ভোট দেওয়ার পর বলেন, ‘নির্বাচন ভালো হয়েছে। আমরা খুশি। ভবানীপুরে আমি জিতব।’ তার গাড়ি ধাওয়া করার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে। মমতার ভাতিজা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়ে বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। সিপিএমের সাংসদ মহম্মদ সেলিম বলেন, মানুষ আজ পরিষ্কার করে দিয়েছে তারা আর মমতাকে চায় না।
এ দফায় ভোটার ছিলেন ১ কোটি ২৩ লাখ ৯৯ হাজার। প্রার্থী ৩৪৯ জন।

Comments are closed.