নিজস্ব প্রতিবেদক : চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ) ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষাবোর্ড সূত্রে । গত বারের তুলনায় ৭ দশমিক ৬৭ শতাংশ বেড়ে এবছর পাসের হার দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৬৬ জন শিক্ষার্থী।
এবার ছাত্র পাসের হার ৯০ দশমিক ৯৭ শতাংশ ও ছাত্রী পাসের হার ৮৯ দশমিক ৯৯ শতাংশ। যা গতবছর ছিল ৮৪ দশমিক ৬ শতাংশ ও ৮১ দশমিক ১১ শতাংশ।
তিনটি বিভাগেও এবার পাসের হার বেড়েছে। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৯১ শতাংশ, মানবিক বিভাগে ৮৩ দশমিক ৮২ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯১ দশমিক ৬২ শতাংশ।
চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫ দশমিক ৩৩ শতাংশ, চট্টগ্রাম জেলায় পাসের হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ।
এবার পাসের হার শূন্য এমন কোন স্কুল নেই। শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা ৮৮টি। গতবার এ সংখ্যা ছিল ৪০টি।
এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবার ৯৯৮টি স্কুলে পরীক্ষার্থীর ছিল ১ লাখ ১৩ হাজার ২৭৮ জন। এর মধ্যে ১ লাখ ১৩ হাজার ৭০ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সময় অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয় ৩২ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় মোট ১৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় (নগরীসহ) ১০২টি, কক্সবাজারে ২৩টি, রাঙামাটিতে ১৭টি, খাগড়াছড়িতে ১৭টি এবং বান্দরবান জেলায় ১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এছাড়া কক্সবাজারে পাসের হার ৯১ দশমিক ২৭ শতাংশ, রাঙ্গামাটিকে ৮৪ শতাংশ, খাগড়াছড়িতে ৭৮ দশমিক ৭৪ শতাংশ ও বান্দরবানে পাসের হার ৮২ দশমিক ৬৪ শতাংশ।

Comments are closed.