সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের তিন মাস পর আহত অবস্থায় মারা গেছেন বাদশা মিয়া (৫৯) নামে একজন।
শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাদশা মারা যান বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি মো.ফরিদ উদ্দিন খন্দকার।
ওসি জানান, মৃত্যুর পর শনিবার বিকেলে তার লাশ খাগরিয়া ইউনিয়নের নতুন চর খাগরিয়া গ্রামের বাড়িতে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি নিজের হেফাজতে নেয়। লাশের ময়নাতদন্তের পর পরিবারের কাছে ফেরত দেয়া হবে বলে ওসি জানান।
গত ১৩ ফেব্রুয়ারি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আহমদুর রহমান বাদশা ও মোহাম্মদ মুছা সওদাগরের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এতে ছাবের আহমেদ (৩০) নামে একজন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় বাদশা মিয়াকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো.জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, বাদশা মিয়া গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিল। আজ (শনিবার) ভোরে মারা গেছে। বাদশা মুছা গ্রুপের লোক ছিল।
এলাকায় জমিজমা, আধিপত্য নিয়ে দু’পক্ষে প্রায়ই বিরোধ লেগে থাকে বলে জানান চেয়ারম্যান।
ওসি জানান, সংঘর্ষে নিহতের ঘটনায় আগের দায়ের করা একটি মামলা আছে। বাদশা মিয়ার মৃত্যুর বিষয়ে তার পরিবার চাইলে আলাদা মামলা করতে পারবেন। অথবা আগের মামলায় বিষয়টি অর্ন্তভুক্ত করা হবে।
