সিটিনিউজবিডি : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর করা রিভিউ আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে প্রাথমিক শুনানি শেষে এ মুলতবি ঘোষণা করেন।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।
আজ বুধবার মীর কাসেম আলীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন রিভিউ শুনানির জন্য তিন সপ্তাহের সময় আবেদন করলে সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেন।
এর আগে মঙ্গলবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিভিউ আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মীর কাসেম আলীকে আপিল বিভাগ যে সাতটি অভিযোগে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন, তার সবক’টিতেই খালাস চেয়ে রিভিউ আবেদন করা হয়। আবেদনে মীর কাসেম আলীকে নির্দোষ দাবি করে ১৪টি যুক্তি তুলে ধরা হয়েছে।
মীর কাসেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে ২০১৪ সালের ২ নভেম্বর রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর খালাস চেয়ে মীর কাসেম আলী আপিল করেন। ওই আপিলের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে চলতি বছরের ৮ মার্চ সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার এক মাস পরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয় ৬ জুন। ওই দিনই রায়ের কপি কারাগারে পৌঁছে এবং মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়। এরপর তিনি রিভিউ আবেদন করেন।
