জুবায়ের সিদ্দিকী : পাওনা টাকা পরিশোধ না করার ঘটনায় দায়ের করা মামলায় একজনকে ৫০ লাখ ( চেকের সমপরিমাণ) জরিমানা ও ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। চট্টগ্রাম আদালতের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। গতকাল ১৮ সেপ্টেম্বর এই রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামীর নাম মোহাম্মদ হোসাইন। তিনি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার হাজী নোয়াব আলী মালুমের বাড়ী, (২ নং নতুন সাইড) বন্দর, চট্টগ্রাম বলে জানা গেছে। বর্তমানে আসামী কারাগারে রয়েছেন।
জানা গেছে, ২০১২ সালে আসামীর বিরুদ্ধে এনআই এ্যাক্টের ১৩৮ ধারায় একটি মামলা দায়ের করেন মোহাম্মদ হোসাইনের আত্মীয় মোহাম্মদ সেলিম রাজা।
বাদী সেলিম রাজা জানান, আমেরিকার আমার প্রবাসী বোন আত্মীয়তার সুবাদে উল্লেখিত টাকা আসামীর একাউন্টে পাঠান। পরবর্তীতে আসামী ওই টাকা পরিশোধ করতে অস্বীকার করলে এ নিয়ে মামলা দায়ের করা হয়।
এ মামলায় আসামীকে দোষী সাব্যস্ত করে সাজা ও জরিমানা প্রদান করেন বিজ্ঞ বিচারক। বাদীর মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবি ইব্রাহিম হোসেন বাবুল।
উল্লেখ্য, সেলিম রাজা মধ্যম হালিশহরে বিশিষ্ট একজন ব্যবসায়ী।
