সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ ৩ অক্টোবর সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য বিচারিক হামিক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন বাদী হয়ে দুপুরে মামলাটি করেন।
মামলার অপর আসামি হলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহমেদ সিদ্দিকী।
বাদীর আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, আদালত মামলার নথি গ্রহণ করেছেন। পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
মামলার বাদী আবদুল কাদের সুজন বলেন, ‘ফেসবুকে গত ১৫ সেপ্টেম্বর দেওয়া এক স্ট্যাটাসে ইরাদ আহাম্মদ সিদ্দিকী জাতির জনকের অবমাননা করেছেন। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর আরেক স্ট্যাটাসে বলেছেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’
তিনি বলেন, ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে ইরাদ আহাম্মদ একা এই বক্তব্য দিতে পারেন না। নিশ্চয় সাংগঠনিক সিদ্ধান্তেই তিনি এ বক্তব্য ফেসবুকে দিয়েছেন। দলের দুই শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে অবশ্যই জানেন। আমার ধারণা তাদের অনুমতি নিয়েই ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার এই ষড়যন্ত্র প্রচার করা হয়েছে।
