চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদের সিজিএস কলোনিতে কাউন্সিলর অনুসারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তার নিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা ।
আজ মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেল ৫টা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া হলে পরিস্থিতি উতপ্ত হয় পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রন করে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়িতরা হলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর এইচ এম সোহেল এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনের অনুসারী ।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।এছাড়া সংঘর্ষে এক যুবক আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসি হাসান ইকবাল।
সংঘর্ষের বিষয়ে জানার জন্য ফোন করলে কাউন্সিলর এইচ এম সোহেল ও ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে ফোনে পাওয়া যায় নাই ।
সর্বশেষ খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন এসি হাসান ইকবাল।
