মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের ভেদভেদীস্থ অস্থায়ী প্রশাসনিক ভবনে সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে। সোমবার সকাল ১০টা থেকে এই অবস্থান ধর্মঘট চলে।
শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু পর থেকেই একটি বিদ্যালয়ের দুইটি কক্ষে ক্লাস পরিচালনা হয়ে আসছে। এতে সঠিকভাবে ক্লাস পরিচালনা করা সম্ভব হচ্ছে না। যেখানে প্রথমই ব্যাচই ঠিকভাবে ক্লাসের সুযোগ পাচ্ছে না, সেখানে দ্বিতীয় ব্যাচ নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। শিক্ষার্থীরা আরো জানায়, শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ এর পরেও তারা আশারুনুরূপ কোনও সমাধান দেখতে পাচ্ছে না। সঠিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে কোন জবাব না আসলে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মো: শামসুজ্জামান বাপ্পী জানান, আমাদের দাবি পূরণের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি। কিন্তু কেউ আমাদেরকে কোনও প্রকার আশ্বাসও দিতে পারছেন না। যতক্ষণ পর্যন্ত কোনও আশ্বাস আমরা পাবো না, তখন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এদিকে তারা গত বৃহস্পতিবার রাঙামাটি রাবিপ্রবির প্রধান কার্যালয়ে তালা দিয়ে প্রায় ৩-৪ ঘন্টা ভিসিকে অবরুদ্ধ করে রাখে এবং রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানব বন্ধন ও প্রধান মন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রধান করেন। এছাড়া শিক্ষার্থীরা প্রথম ব্যাচের পরিক্ষা ও দ্বিতীয় ব্যাচের শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছে।
