শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বন্ধ ঘোষণার একদিন পর খুলে দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাজারো শিক্ষার্থীদের আন্দোলনের ক্ষোভের মুখে পড়ে ফের জরুরী সিন্ডিকেটের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত জানানো হয়। নতুন এ সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার ওঠে। তারা ক্যাম্পাসে দফায় দফায় বিজয় মিছিল করছে।
প্রফেসর ড. কবীর হোসেন জানান, আজ থেকেই শাবির ক্লাস-পরীক্ষা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। আর ছাত্রদের আবাসিক হল ২৫ ডিসেম্বর খুলে দেয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জণ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সঙ্গে সাধারণ সম্পাদক ইমরান খানের গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটে। এতে বুধবার সকাল ৮টার মধ্যে সিন্ডিকেট ছাড়াই ছাত্রদের আবাসিক হল ছাড়তে বাধ্য করা হয় এবং পরবর্তীতে সিন্ডিকেটের মাধ্যমে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
এ সিদ্ধান্তে অসন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বুধবার বেলা ১টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আটকা থাকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, রেজিস্ট্রার ইসফাকুল হোসেনসহ অর্ধশতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।
