সিটিনিউজ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা অধিদপ্তর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে আগামী ৫ আগষ্ট শনিবার, সকাল ৮ টা থেকে সারাদেশ ব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পালিত হবে।
বৃহস্পতিবার(৩ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নগরভবনে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে নগরবাসীর ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় নগরীর ৪১টি ওয়ার্ডে ১২৮৮টি কেন্দ্র থেকে এ কর্মসূচি পরিচালিত হবে। সকাল সাড়ে ৮ টায় নগরীর সিটি গেইটস্থ কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম মাতৃসদন ও হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্য্যম্পেইন (১ম রাউন্ড) উদ্বোধন করা হবে। মেয়র বলেন, জাতীয় এ কর্মসূচি বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, সরকারী-বেসরকারী সংস্থা ছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ হাজার স্বেচ্ছাসেবক, জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, সুপারভাইজার, স্বাস্থ্যকর্মী, টিকাদানকারী সকলে নিয়োজিত থাকবে।
তিনি এ কাজে সকল বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, মসজিদের ইমামসহ সকল শ্রেণী ও পেশার সহযোগিতা কামনা করেন। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্ধারিত দায়িত্বের বাহিরে ভর্তুকি দিয়ে চট্টগ্রাম নগরবাসীকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে-যা বাংলাদেশে বিরল ঘটনা। মাত্র ১০ টাকার বিনিময়ে চিকিৎসা সেবা নগরবাসীর দোরগোড়ায় পেীঁছে দেওয়া হয়েছে। শিশু স্বাস্থ্য থেকে শুরু করে মা, প্রসূতী সহ সকল ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ খাতে কোন ধরনের অতিরিক্ত কর ধার্য্য করা ছাড়াই চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, হোমিও চিকিৎসালয়, মিডওয়াইফারী ইনস্টিটিউট, হেলথ টেকনোলজিসহ নানামুখী স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।
তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী সকল কার্যক্রমের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্য্যম্পেইন (১ম রাউন্ড) বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহেরুল ইসলাম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশিদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীসহ স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
