চট্টগ্রাম সার্কিট হাউসে খালেদা জিয়া : রাতের খাবারে কী থাকছে?

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে রাতযাপনের জন্য চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পথে পথে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় ঠেলে খালেদা জিয়ার গাড়িবহর ২৮ অক্টোবর শনিবার রাত ১১টায় সার্কিট হাউসে পৌঁছেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রবেশ করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর সিটি গেইট দিয়ে নগরীতে প্রবেশের পর থেকে হাজার হাজার মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত ‍জানাতে থাকেন। খালেদাকে দেখেই মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠে রাজপথ। তাঁর আগমন উপলক্ষে পথে পথে ও শহরের বিভিন্ন এলাকা মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড, আশপাশের জেলা ও উপজেলা থেকে এরই মধ্যে জড়ো হন হাজারো নেতাকর্মী।

এ ছাড়া শহরের বিভিন্ন মোড়, রাস্তার পাশে এরই মধ্যে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া-আসার পথে চট্টগ্রামে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও দলের চেয়ারপারসনের আগমনে উজ্জীবিত নেতাকর্মীরা।

খালেদা জিয়ার রাতের খাবারে কী কী থাকছে ?

আমীর খসরুর একান্ত সচিব মনজুরুল আলম জানালেন, খালেদা জিয়ার জন্য চিনিগুঁড়া চালের ভাত রান্না হচ্ছে। সেই সঙ্গে থাকছে দেশি মাগুর মাছ, বাটা মাছ, রূপচাঁদা ও কোরাল মাছ। এর মধ্যে দেশি মাগুর মাছ রান্না করা হবে চট্টগ্রামের জনপ্রিয় খাবার খাইস্যা বা শিমের বিচি দিয়ে। চাঁদপুর থেকে ইলিশ মাছ আনা হয়েছে। থাকবে ইলিশ মাছের ডিম দিয়ে রান্না তরকারিও।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস ও চট্টগ্রামের কালা ভুনাও থাকছে রাতের খাবারে। এ ছাড়া বেগুন, শুঁটকি, শিম, আলুর ভর্তাসহ পরিবেশন করা হবে পাঁচ রকমের ভর্তা। এ ছাড়া রাতের খাবারের পর পরিবেশন করা হবে পায়েস। থাকবে ড্রাগন ফ্রুট, আম, দেশি পেঁপে, আঙুর, কমলা, আপেল, তরমুজ এবং বাংলা কলা।

মনজুরুল আলম জানান, খালেদা জিয়া তাঁর সঙ্গে থাকা স্থায়ী কমিটির সদস্যসহ বহরের ৩০ জনকে নিয়ে রাতের খাবার খাবেন। এ ছাড়া সার্কিট হাউসের নিচতলার খাবার ঘরে ১২০ জনের জন্য আলাদাভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

নগরীর বিভিন্ন হোটেলে সফরসঙ্গী হয়ে আসা কয়েক শো অতিথিকে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর একান্ত সহকারী মো. সেলিম উদ্দিন। তিনি জানান, সাংবাদিকদের জন্য হোটেল টাওয়ার ইন ও পর্যটন মোটেলে ব্যবস্থা করা হয়েছে। দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা থাকবেন হোটেল এভেনিউতে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.