নিজস্ব প্রতিবেদক:: রাতযাপন শেষে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে একনজর দেখতে কাজীর দেউড়ি, স্টেডিয়ামসহ পুরো এলাকা লোকারণ্যে পরিণত হয়।
রোববার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে তিনি গাড়িতে ওঠেন। এরপর ধীরে ধীরে গাড়িবহরটি সার্কিট হাউস ত্যাগ করে। এ সময় দুপাশে হাজারো অপেক্ষমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানান।
আগের দিন শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেয়া খালেদা জিয়া বিকেল ৫টায় ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। পরে সেখান থেকে সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রাত ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এসে পৌঁছে খালেদা জিয়ার গাড়ি বহর। তখনও ভিড় ছিল নেতা-কর্মীদের।
