নিজস্ব প্রতিবেদক: পুলিশি হয়রানি বন্ধ, অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহন বন্ধের দাবিতে চট্টগ্রামের অনির্দিষ্টকালের গণপরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগর ভবনে মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন পরিষদের নেতারা।
মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান, পরিষদের নেতাদের যৌক্তিক দাবি নিয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় মেয়র নগরবাসীর দুর্ভোগ, শিক্ষার্থীদের পরীক্ষা ইত্যাদি বিবেচনায় নিয়ে ধর্মঘট স্থগিতের অনুরোধ জানান।
বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল স্থগিতের ঘোষণা দেন। বৈঠক চলাকালীন বিপুলসংখ্যক পরিবহন মালিক-শ্রমিক নগর ভবনের নিচে অবস্থান নেন।
চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের বৈঠকে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন
বৈঠকে বিআরটিএর ডিডি শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা আমজাদ হোসেন, সদস্যসচিব এসএম তৈয়ব, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি মো. মুছা, সাধারণ সম্পাদক মো. অলি আহমদ, চট্টলা পরিবহনের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শরিফ মিজান, সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ হাকিম, সিটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরুণ দাশগুপ্ত ভানু, যাত্রীসেবা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সিটি সার্ভিসের সভাপতি আবদুল বারেক, সিটি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টলা পরিবহনের সিনিয়র সহ-সভাপতি রায়হানুল হক প্রমুখ।
