সিটিনিউজবিডি : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল নয়টায় ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ডেমু ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন জানান, ছাত্রলীগের সংঘর্ষের কারণে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সময়ের একটু হেরফের হলেও বুধবার সকাল থেকে সবগুলো ট্রেনই বিশ্বদ্যিালয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল নয়টার ডেমু ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেলেও সকাল সাড়ে সাতটার শাটল ট্রেনটি সকাল সোয়া নয়টায় ছেড়ে যায় বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সঙ্গে ছাত্রলীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, হলে সিট বন্টন বিভিন্ন বিষয় নিয়ে সমাঝোতায় পোঁছে বিবাদমান দুইটি পক্ষ।
বৈঠকে উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী, চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, কায়সার রনি সহ ছাত্রলীগ নেতারা।
