সাফ গেমসে স্বর্ণ বিজয়ী মৌপ্রিয়া’র অস্বাভাবিক মৃত্যু

0

খেলাধুলা, সিটি নিউজ :: জিমন্যাস্টিক্স দিয়ে শুরু করে পরবর্তীতে সাঁতারকেই বেছে নিয়েছিল ছোট্ট মেয়েটি। পা ভেঙে যাওয়ায় আর জিমন্যাস্টিক্স করতে পারেনি। কিন্তু, সাঁতারেও সাফল্য আসছিল পর পর। সেই মৌপ্রিয়া মিত্রের (১৫) অস্বাভাবিক মৃত্যু হল। নিজের বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে।

হুগলির ব্যান্ডেলের মানসপুরের বাসিন্দা ভাস্কর মিত্র। স্ত্রী-মেয়েকে নিয়েই সেখানেই থাকতেন। সোমবার (৩০ এপ্রিল) প্রবল ঝড়বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। একটু থামতে মেয়ে মৌপ্রিয়া বাবা-মাকে বলে, দোকানে যাচ্ছে। কিন্তু দোকানে না গিয়ে দোতলা থেকে নীচের ঘরে নেমে আসে। অনেক ক্ষণ না ফেরায় মা নীচে এসে দেখেন নীচের ঘরের দরজা হালকা ভেজানো। ঠেলতেই খুলে যায় দরজা। দেখে ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে মৌপ্রিয়া।

মায়ের চিৎকারে বাবাও নেমে আসেন নীচে। চলে আসেন পাড়া-প্রতিবেশীরা।

এর পর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করেছে ওই কিশোরী।

২০১৬ তে কলম্বোয় সাফ গেমসে ডাইভিংয়ে স্বর্ণ জিতেছিল মৌপ্রিয়া। কলকাতার হেদুয়াতে সপ্তাহে তিন দিন অনুশীলন করতে আসত। আগামী জুনে পুণেতে একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু সেটা আর হল না।

পরিবার ও প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মৌপ্রিয়ার। মৌপ্রিয়ার পরিবারের তরফে কোনও আপত্তি না থাকলেও শোনা গিয়েছে ছেলেটির বাড়ির তরফে বাধা ছিল। সেখান থেকেই কোনও সমস্যা তৈরি হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মৌপ্রিয়া বাবা ভাস্কর মিত্র এ নিয়ে কোনও মন্তব্য করেননি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.