চট্রগ্রামে বিচার কার্যক্রম পরিদর্শনে সুরেন্দ্র কুমার সিনহা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম আদালতে বিচার কার্যক্রম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালতে পৌঁছান প্রধান বিচারপতি। এরপর তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং জেলা ও মহানগর জজশিপের অধীন বিভিন্ন আদালতের কার্যক্রম ঘুরে ঘুরে দেখছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, চট্টগ্রাম আদালতে বিচারিক কার্যক্রম পরিদর্শন শেষে দুপুর ১টায় প্রধান বিচারপতি জেলা আইনজীবী সমিতি আয়োজিত সভায় অংশ নেবেন।

এরপর প্রধান বিচারপতি বিকেল ৫টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি খাগড়াছড়ি যাবেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফিরে তিনি চট্টগ্রাম মহানগরীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

মিনান জানান, ট্রেনযোগে বুধবার সকাল ৭টায় প্রধান বিচারপতি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছান। সেখান থেকে সার্কিট হাউজ হয়ে তিনি গেছেন চট্টগ্রাম আদালতে।

চট্টগ্রাম ও খাগড়াছড়িতে তিনদিনের সরকারি সফর শেষে শুক্রবার রাতে ট্রেনযোগে ঢাকায় ফিরবেন প্রধান বিচারপতি।

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে চলতি বছরের ১৭ জানুয়ারি শপথ নেন সুরেন্দ্র কুমার সিনহা। দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মত চট্টগ্রামে আসছেন প্রধান বিচারপতি।

এদিকে প্রধান বিচারপতির পরিদর্শনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবন থেকে সব ধরনের পোস্টার, ডিজিটাল ব্যানার অপসারণ করা হয়েছে। ধুয়েমুছে পরিস্কার করা হয়েছে আদালতের নতুন-পুরনো সব ভবনকে। মূল ভবনে রং-চুনকামও করা হয়েছে। সাময়িকভাবে তুলে দেয়া হয়েছে অস্থায়ী দোকানপাটগুলো।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.