রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানালো কোয়েল
বিনোদন জগৎ :: সারা পৃথিবীর সাধারণ মানুষ থেকে বড় বড় নেতা, মহাতারকাদের হৃদয় কেঁপেছে বাংলাদেশে অবস্থান করা মায়ানমারের রোহিঙ্গাদের করুণ অবস্থা দেখে। এই কোটি হৃদয়ের একটি হৃদয় কোয়েলেও আছে।
বাংলাদেশের মাটিতে কোনো দিন পা রাখেননি, কিন্তু ঠিকই জানেন কুতুপালংয়ের রোহিঙ্গা শিবিরের কথা। কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শিবিরের মানুষগুলোর সঙ্গে তার গল্প করার ইচ্ছা কলকাতার শীর্ষ নায়িকা কোয়েল মল্লিকের।
কোয়েলের মাথায় কেবলি ঘুরছে, যদি একবার কক্সবাজার গিয়ে শরণার্থী শিবিরের মানুষগুলোর সঙ্গে গল্প করা যেত, তাদের কষ্টের কথাগুলো জানা যেত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা জানিয়ে কোয়েল বলেন, ‘ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত মায়া-মমতা, ভালোবাসা, এতগুলো গৃহহীন মানুষকে নিজের দেশে জায়গা দিয়েছেন, আমি তাকে কুর্নিশ জানাই’
বিষণ্ন হয়ে রোহিঙ্গা শিবিরের কথা বলতে গিয়ে কোয়েল বলেন, ‘আমিও যেতে চাই কুতুপালং। ওখানকার মেয়েদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই। সারা দুনিয়ার মানুষদের জানাতে চাই ওদের জীবনের কষ্টের কথা।’
