‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পাচ্ছেন রুনা লায়লা
বিনোদন জগৎ :: তৃতীয়বারের মতো প্রদান হতে যাচ্ছে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’। কিংবদন্তি এই নজরুল সংগীতশিল্পীর স্মরণে ২০১৬ সাল থেকে তার নামে চালু করা হয় এই পুরস্কার।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত এই সম্মাননা এবার পাচ্ছেন উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা।
আগামী সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পীর হাতে সম্মাননা তুলে দেবেন উপাচার্য মো.আখতারুজ্জামান।
সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেওয়া হবে দুই ভরি সোনার একটি পদক এবং এক লাখ টাকা।
এর আগে দেশ ও বিদেশের বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন রুনা লায়না। এবার ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রসঙ্গে বরেণ্য এই কণ্ঠশিল্পী বলেন, ফিরোজা বেগমের মতো একজন বরেণ্য সংগীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদক আমাকে দেওয়া হচ্ছে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। ফিরোজা বেগমের গাওয়া অনেক গান আমি শুনেছি। তিনি নজরুল সংগীতকে অনেক সমৃদ্ধ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিএ (স্নাতক) সম্মান পরীক্ষায় এবার সর্বোচ্চ সিজিএ পাওয়া শিক্ষার্থীকে দেওয়া হবে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই স্বর্ণপদক দেওয়া হবে। এর আগে এই সম্মাননা পেয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭)।
নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম ১৯৩০ সালের ২৮ জুলাই বৃহত্তর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় ৮৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এসিআই ফাউন্ডেশনের সহায়তায় গঠন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’।
