বিনোদন জগৎ :: বাংলা চলচ্চিত্রের লাস্যময়ী চিত্রনায়িকা মুদৃলা আহমেদ রেসি। আজ এই পর্দা কন্যার জন্মদিন। জন্মদিনে বিশেষ কোন আয়োজন না থাকলেও এদিন অভিনয় জীবনের স্মরণীয় মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে রেসি বলেন, আজ আমার জন্মদিন, তবে জন্মদিনকে ঘিরে তেমন বিশেষ কোন আয়োজন নেই। তবে আজকের দিনটি আমার জন্য অবশ্যই বিশেষ একটি দিন হতে যাচ্ছে। কারণ আজকের দিনেই আমি চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে দিনটি কেটে যায়।
কেমন কাটছে এই দিনটি? জানতে চাইলে তিনি বলেন, ‘গতরাত থেকে সবার ভালোবাসার শুভেচ্ছা বার্তা পাচ্ছি। আমি ভীষণ আনন্দিত যে, সবাই আমাকে এখনো অনেক ভালোবাসে।’
তিনি আরও বলেন, ‘আমি আমার জন্মদিন সেই ভাবে পালন করি না, প্রতিবারের ন্যায় পরিবারের সাথে আমি দিনটি কাটাচ্ছি, আমার পরিবার আমার পৃথিবী। তাই আমার সুখ শান্তি এই পরিবারকেই নিয়ে।’
রেসি, অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জাকির হোসেন রাজু পরিচালিত ‘নিয়তি’। সর্বশেষ রেসি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অবহেলা’ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান।
এটি ইউটিউবে প্রকাশিত হয়েছে এরইমধ্যে। তবে বর্তমানে রেসি তার ‘রেসি হেয়ার অ্যা- বিউটি সেলুন’ নিয়ে ভীষণ ব্যস্ত আছেন। গেলো ঈদের আগেই এই ব্যবসা প্রতিষ্ঠানটি তিনি চালু করেছেন।
বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী ও চিত্রনায়িকা রেসি। ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান রেসি। এরপর একে একে প্রায় ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন রেসি।
