শিক্ষাঙ্গণ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) কোর্সের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (০৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে অনলাইনে ভর্তির এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোসাইন বলেন, ‘রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিট থেকে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার ফি গত বছরের মতো ৪৭৫ টাকা রাখা হয়েছে। এইচএসসি ফলাফল বিপর্যয়ের কারণে গত বছর ভর্তির যে যোগ্যতা ছিল তা শিথিল করে সব ইউনিটের দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে।’
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মোট চার হাজার ৬৫৩ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান তিনি।
আবেদনের নিয়ম : মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে ইউনিট প্রতি ফরমের মূল্য ৪৭৫ টাকা (ভ্যাট ছাড়া) করে কেটে নিবে টেলিটক। বাংলাদেশের যে কোন শিক্ষা বোর্ডের অধীনে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং ২০১৪ ও ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন।
টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে সিইউ স্পেস এইচএসসি শিক্ষা বোর্ডের নাম স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পরীক্ষার সাল স্পেস এসএসসি শিক্ষা বোর্ডের নাম স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পরীক্ষার সাল স্পেস কাঙ্খিত ইউনিটের নাম দিয়ে কোটা থাকলে কোটার নাম লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিনকোর্ড জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানোর জন্য প্রথমে সিইউ স্পেস পিন নাম্বার স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটর এর একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সর্ম্পকিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।
