সিটি নিউজ ডেস্ক :: ছোটপর্দার অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। প্রয়াত চিত্রনায়ক বুলবুল আহমেদের যোগ্য উত্তরসূরী ঐন্দ্রিলা আহমেদ দীর্ঘ দশ বছরের বিরতি শেষে অভিনয়ে ফিরেন। ব্যক্তিগত কারণে মাঝে বিরতি নিলেও এখন থেকে অভিনয়ে নিয়মিত পাওয়া যাচ্ছে তাকে। অনেকটা সময় অভিনয় থেকে দূরে থাকলেও জনপ্রিয়তায় তার এতটুকু ভাটা পড়েনি।
এরইমধ্যে বেশ কিছু নাটকেও তাকে দেখা গেছে। তবে, এবার এই অভিনেত্রীর কণ্ঠে শোনা গেল ক্ষোভের কথা। গেল ৪ঠা সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের মহানায়ক বুলবুল আহমেদের জন্মদিন। কিন্তু এই মহানায়ককে নিয়ে এফডিসিতে ছিল না কোনো আয়োজন।
দু’একটি গণমাধ্যম ও টিভি চ্যানেলেই তার জন্মদিন সীমাবদ্ধ ছিল। এনিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করলেন তার উত্তরসূরি ঐন্দ্রিলা আহমেদ।
ঐন্দ্রিলা বলেন, একজন মহানায়ক কালে কালে জন্মায় না। এর মূল্যায়ন করা উচিত। বুলবুল আহমেদ শুধু আমার পিতা নন, তিনি এদেশের সম্পদ। শুধু আমার বাবা কেন, এই দেশে আরো অনেক গুণী মানুষই উপেক্ষিত। আমি মনে করি, চলচ্চিত্রে যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের এই বিষয় গুলোর প্রতি সচেতন থাকা প্রয়োজন। যাদের হাত ধরে চলচ্চিত্র আজ এই অবস্থানে, তাদের উপেক্ষিত করে ভালো কিছু হতে পারে না।
তিনি বলেন, ‘দিনদিন গুণী মানুষদের প্রতি উদাসীনতা বাড়ছে আমাদের। এই চর্চা অব্যাহত থাকলে একদিন আমরাও চলে যাবো। আমাদের কথাও কেউ বলবে না।’
এদিকে, ঐন্দ্রিলা একটি বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে চাকুরি করছেন বলেন জানান। তার পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে ছোট পর্দায় অভিনয় করছেন। জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে ‘বিলাভড’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করেন তিনি।
এছাড়া, রিদম খান শাহীনের ‘চিলে কোঠার সংসার’, দিপু হাজরার ‘ফেইক লাভ’, কাজী সাঈফ আহমেদের ‘আতংক’, পৃথ্বিরাজের ‘ছোট ছোট আশা ভালোবাসা’ ও ‘জল পুকুরে ডুব’ শিরোনামের নাটকগুলোতে তিনি অভিনয় করেন।
