কাপাসগোলা মহিলা কলেজে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ চসিকের
নিজস্ব প্রতিবেদক:: কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ পরিকল্পনার আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে কলেজে একটি নতুন বহুতল বিশিষ্ঠ একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।
বুধবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের পরিচালনা পষদের এক সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন একথা জানান।
তিনি বলেন এই নগরে নারী শিক্ষা দানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল। এই পর্য্যায়ে চসিক পরিচালিত কাপাসগোলা মহিলা কলেজ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এমতাবস্থায় কলেজের উন্নয়ন অপরিহার্য। এ প্রসঙ্গে তিনি কলেজে একাডেমিক ভবন নির্মাণের কথা উল্লেখ করেন। এই বহুতল ভবনে অত্যাধুনিক শ্রেণি কক্ষ,শিক্ষার্থীদের সুপরিসর কমন রুম, মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম,শিক্ষকদের স্বতন্ত্র কক্ষসহ নানাবিধ সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ সংকট নিরসন ও আসন সংখ্যা বৃদ্ধি পাবে বলে তিনি জানান।
সভায় কলেজের ভবন সংস্কার ,অনার্স ও ডিগ্রির ভর্তি, শিক্ষক সংকট নিরসন,এমপিও সংক্রান্ত এবং শিক্ষার্থীদের সুপেয় পানির ব্যবস্থাকরণসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় চসিক সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন,শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, অধ্যক্ষ ও সদস্য সচিব মনোয়ারা জাহান বেগম, পরিচালনা পরিষদের সদস্য নাসরীন আকতার, মোহাম্মদ ইব্রাহিম, এম এম শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফখরুল ইসলাম, অভিভাবক সদস্য মো. মঞ্জুর হোসেন, মো. আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি নুর বানু চৌধুরী, ড. ইউসুফ ইকবাল চৌধুরী ও বাবলা চৌধুরী উপস্থিত ছিলেন।
