নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের(সিইউজে) নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে দৈনিক আজাদী থেকে অন্যায়ভাবে এক সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় থেকে আজাদী সম্পাদক এমএ মালেককে একটি পত্র দিয়ে চাকুরিচ্যুত সাংবাদিককে স্বপদে পূর্নবহাল ও কোন সংবাদ কর্মীর চাকুরিচ্যুতি মেনে নেওয়া হবে না বলে সভা থেকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। চাকুরিচ্যুতির প্রতিবাদে আগামী ৫ অক্টোবর দৈনিক আজাদীতে জরুরী সভার ডাক দিয়েছে সিইউজে। ওই সভা থেকে পরবর্তী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এর মধ্যে কোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটলে দৈনিক আজাদীতে তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন কর্মসুচি পালন করা হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি মাঈনুদ্দিন দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, আজাদী ইউনিট প্রধান খোরশেদ আলম, টিভি ইউনিট প্রধান অনিন্দ্য টিটো, পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশিষ, কর্নফুলী ইউনিট প্রধান মোহাম্মদ আলী পাশা, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান বিশু রায় চৌধুরী।
সিইউজের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দৈনিক আজাদী একটি প্রাচীন সংবাদপত্র। এ সংবাদপত্রে কোন ধরণের কারণ ছাড়াই সাংবাদিকদের চাকুরিচ্যুতি সাংবাদিক ইউনিয়ন মেনে নেবে না। কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। এতে সমাধান না হলে আজাদীতে প্রতিবাদ সমাবেশ, কর্মবিরতি, অবস্থান কর্মসুচি, সম্পাদকের বাসভবন ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকদের অন্যায়ভাবে চাকুরিচ্যুতির নেপথ্যের কুশিলবদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সাংবাদিক ইউনিয়ন। সিইউজের কোন সদস্য সাংবাদিকদের স্বার্থবিরোধী কর্মকান্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে নির্বাহী কমিটির সভা থেকে হুশিয়ারি উচ্চারণ করা হয়।
অন্যদিকে দৈনিক পূর্বদেশ পত্রিকায় কর্মরত অবস্থায় মারা যাওয়া সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোলের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় এবং পত্রিকাটিতে সংবাদকর্মীদের নিয়ে সদ্য সৃষ্টি হওয়া অসন্তোষ সুন্দরভাবে সমাধান করায় পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপিকে ধন্যবাদ জানান সাংবাদিক নেতৃবৃন্দ। পূর্বদেশে সাংবাদিকদের সুন্দর কর্মপরিবেশ থাকলে সম্পাদক ও কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সিইউজে নেতৃবৃন্দ।
