সিটিনিউজবিডি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগের ও পরের তিন দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় পচনশীল পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি শহীদনগর ও জিংলাতলী সেতু উদ্বোধন শেষে শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মহাসড়কে থ্রি-হুইলার বন্ধ হওয়ায় জনগণ স্বস্তি পাচ্ছে। এর ফলে দেশের ২২টি মহাসড়কে দুর্ঘটনা সহনীয় পর্যায়ে এসেছে। দেশের সব কয়টি মহাসড়কের পাশে ফোরলেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য বাইলেন করা হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এরই মধ্যে বাইলেনের কাজ শুরু হয়েছে।’
কোরবানির পশুর হাট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কের ২০০ গজের মধ্যে যাতে কোনো পশুর হাট না বসে সে জন্য এবার আমরা সতর্ক রয়েছি।’
মন্ত্রী বলেন, ‘মহাসড়কে যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টসগুলোকে এক সঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার অনুরোধ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তার জন্য মহাসড়ক থেকে সকল বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।’
ফোরলেন প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, ‘দ্রুতগতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোরলেন তৈরির কাজ চলছে। কাজ পুরোপুরি শেষ হলে এ মহাসড়কে দুর্ঘটনা আরও কমে যাবে বলে আমরা আশা করছি।’
ফোরলেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সবুরসহ সড়ক ও জনপথের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
