সিটিনিউজবিডি : সরকারী হিসেবে ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। সেই হিসেবে বুধবার সরকারী-বেসরকারী অফিস ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা থাকার কথা। কিন্তু কেউ কেউ একদিন আগেই ঢাকা ছাড়ছেন। ফলে রাজধানীর প্রতিদিনের চিরচেনা অসহ্য যানজট আর ভিড়বাট্টা অনেকটাই কম। জনগণের স্রোত এখন বাস টার্মিনাল, লঞ্চঘাট আর রেলস্টেশনে।
কেউ কেউ স্ত্রী-সন্তানদের বেশ কয়েক দিন আগেই গ্রামের বাড়ি পাঠিয়েছেন। কেউবা বুধবার অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে ছুটে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে।
বুধবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল গ্রামমুখী মানুষের উপচেপড়া ভিড়। সিট পাওয়ার জন্য অনেকেই রাত কাটিয়েছেন টার্মিনালে।
সরেজমিন দেখা যায়, ঘরমুখী যাত্রীরা সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছেন টার্মিনালের দিকে। রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই। মানুষের ঢলে আপনাআপনিই চলে যাচ্ছেন ঘাটের দিকে।
সকালের দিকে যাত্রী সংখ্যা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনা কমতে থাকে। কারণ সকালেই বেশিরভাগ যাত্রী লঞ্চে করে তাদের গন্তব্যে রওনা হন। বিকেলের দিকে আবারও যাত্রীর সংখ্যা বাড়বে। কারণ সন্ধ্যার পর থেকে ঘাট ছাড়বে আরও অনেক লঞ্চ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (মেরিন সেফটি) শামসুল আরেফিন জানান, বুধবার সকাল পর্যন্ত ৩৭টি লঞ্চ টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রী বেশি থাকায় লঞ্চগুলো তাড়াতাড়ি ঘাট ছেড়েছে। বুধবার কর্মজীবীদের মধ্যে সবাই ছুটি না পাওয়ায় যাত্রী হিসেবে তাদের পরিবারের লোকজনই বেশি ছিল। বৃহস্পতিবার যাত্রী হিসেবে কর্মজীবীদের সংখ্যা বেশি হবে।
লঞ্চ টার্মিনালে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত হাসান বলেন, ‘আমার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। আমার সঙ্গে আরেকজন আছেন। তাই ৩০০০ টাকায় কেবিন নিয়েছি। দেখি এখন ভালভাবে বাড়ি যেতে পারলেই হয়।’
বরিশালের গৌরনদীর যাত্রী সিকদার জোবেদ আলী বলেন, ‘একদিন আগেই ছুটি নিয়ে ঢাকা ছাড়ছি। ঈদের খুশিতে কয়েকটি দিন বেশি পরিবারের সঙ্গে থাকতে চাই।’
ভিড় ছিল রেল স্টেশনগুলোতেও।
বিমানবন্দর রেলস্টেশনে সকাল থেকে হাজার হাজার মানুষকে সারিবদ্ধ হয়ে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা যায়। ট্রেন আসার সঙ্গে সঙ্গে ঝুঁকি নিয়ে ছাদেই উঠে পড়েন অনেকে।
ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ বুধবার ছুটি পাননি। এ দিন তার স্ত্রী ও সন্তানদের রেলে তুলে দিতে আসেন। বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন তিনি।
