সিটিনিউজবিডি : রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহারের আদালতে বুধবার ওইদিন ধার্য করেন।
চার্জ গঠন শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ আসামিকে হাজির না করায় রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে নতুন দিন ধার্য করেন আদালত।
২১ জুলাই এমপিপুত্র বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।
বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।
১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে।
