সিটিনিউজবিডি : তিন দফা সময় বাড়ানোর পর রামপাল ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিদেশী ৬টি কোম্পানি তিনটি (যৌথভাবে দুটি ও এককভাবে একটি) দরপ্রস্তাব জমা দিয়েছে।
এর মধ্যে ভারতের হেভি ইলেক্ট্রিক্যালস্ লিমিটেড (ভেল) এককভাবে দরপ্রস্তাব জমা দিয়েছে। তবে চীনের হারবিন ইলেকট্রিক কোম্পানি লিমিটেড, ইটিইআরএন এবং ফ্রান্সের আলসটম কোম্পানি যৌথভাবে একটি এবং জাপানের মারুবেনি করপোরেশন ও ভারতের লারসর এ্যান্ড টুবরো লিমিটেড যৌথভাবে আরেকটি দরপ্রস্তাব জমা দিয়েছে।
মঙ্গলবার শেষ দিন বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) কার্যালয়ে এ দরপ্রস্তাব জমা পড়ে বলে বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইউ কে ভট্টাচার্য নিশ্চিত করেছেন। চূড়ান্ত চুক্তির প্রায় ৫০ মাসের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের কাজ শেষ করার কথা রয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৮ মে। পরে তা বাড়িয়ে ১৮ জুলাই করা হয়। তা ফের আরও দুই মাস বাড়িয়ে ২২ সেপ্টম্বর করা হয়। দরপ্রস্তাব কেনা কোম্পানিগুলোর অনুরোধেই কয়েক দফা সময় বাড়ানো হয়েছিল বলে জানা গেছে। বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে ছয়টি কোম্পানি দরপ্রস্তাবের নথি কিনেছিল। তারা হল- জাপানের মারুবিনি করপোরেশন, ভারতের ভেল, চীনের হারবিন ও সিনোম্যাক এবং কোরিয়ার ডেও ইন্টারন্যাশনাল ও দোসান হেভি ইণ্ডাস্ট্রিজ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দরপ্রস্তাব জমাদানকারী বিদেশী তাদের নিজস্ব দেশের ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করার নিশ্চয়তা এনেছে।
সূত্র জানায়, প্রথমে তিন কোম্পানির কারিগরি প্রস্তাব মূল্যায়ন করা হবে। কারিগরিভাবে যোগ্য হলে অর্থনৈতিক প্রস্তাব খোলা হবে। কারিগরি ও অর্থনৈতিকভাবে যোগ্য কোম্পানিকে কাজ দেওয়া হবে। কারিগরি ও অর্থনৈতিক মূল্যায়ন শেষে একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি করা হবে।
