বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চা বাগান রোডে ঝাউরগ্যা দিঘী সংলগ্ন এলাকা আগুনে পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার গভীর রাতে ওই এলাকার মরহুম জামাল চৌধুরীর বসতঘরে সংঘটিত এ অগ্নিকাণ্ডের ঘটনায় হাঁস মুরগী ও সম্পূর্ণ মালামাল পুঁড়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়। এ ঘটনায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চা বাগান রোডে ঝাউরগ্যা দিঘী সংলগ্ন এলাকার মরহুম জামাল উদ্দিন চৌধুরীর বাড়ীতে রবিবার গভীর রাতে সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে বাড়ীর সব মালামালসহ হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবী, তাদের বসতঘরের জায়গা জবর দখল করার জন্য স্থানীয় এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই প্রেক্ষিতে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্থ রওশন আলী জানান।
অগ্নিকান্ডোর শিকার জামাল চৌধুরীর বৃদ্ধা স্ত্রী ছকুনতাজ জানান, স্থানীয় রুহুল আমিন আমার স্বামীর পৈত্রিক জায়গা জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছে। গত কিছুদিন যাবৎ তারা আমাদের হুমকি ধমকি দিয়ে আসছিল। তারই প্রেক্ষিতে এই ঘটনা সংঘটিত হয় বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, পুকুরিয়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
