সিটিনিউজবিডি : পবিত্র হজ পালন শেষে সোমবার রাত সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ৪১৯ জন হাজি নিয়ে ফ্লাইটটি সাড়ে এগার ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছে। কিন্তু হাজিরা সময়মত টার্মিনালে রিপোর্টিং না করায় ফ্লাইটি দেরিতে পৌঁছে বলে বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০৫ জন হাজিকে নিয়ে সোমবার বিকেল সাড়ে চারটায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান শাহজালালে পৌঁছে।
হজযাত্রীদের নিয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে আগামী ২৮ অক্টোবর।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ৭ হাজার ২৯০ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ হাজার ৮৪৫ জন এবং সৌদিয়া এয়ারলাইন্স ৫২ হাজার ৪৪৫ জন হজযাত্রী পরিবহন করে। গত ১৬ আগস্ট থেকে বিমান বাংলাদেশ হজ ফ্লাইট শুরু করে। তাদের সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দা যায় ২১ সেপ্টেম্বর।
এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে নির্ধারিত ১৬টি হজ ফ্লাইট পরিচালনা করে। ১৭ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়ে ১৪ সেপ্টেম্বর তা শেষ হয়। একইভাবে সিলেট থেকে ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যায়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭৪২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৯ হাজার ৫৮ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু এর চেয়ে ৩ হাজার ৯৩৪ জন হজযাত্রী বেশি হয়। বিমান বাংলাদেশ ৩৩টি নিয়মিত ও ১১৯টি হজ ফ্লাইটের মাধ্যমে ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী পরিবহন করে।
এবার পবিত্র হজ পালন করতে যাওয়া বিভিন্ন দেশের প্রায় ৮শ’ হাজী মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে মারা যান। এর মধ্যে এ পর্যন্ত ১০ জন বাংলাদেশী হিসেবে শনাক্ত হয়েছেন। তবে আহতের সংখ্যা আরও অনেক।
