সিটি নিউজঃ সকাল থেকে বিভিন্ন রঙে, বাহারি সাজে নবীন শিক্ষার্থীরা এসেছে প্রিয় প্রাঙ্গণে, তাদের পদাচরণে মুখরিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। নাচে গানে সকলকে মাতিয়ে রাখছেন একঝাঁক স্বপ্নবান তরণ-তরুণী, কেউ বা আবার কবিতায় ও নাটকে ফুটিয়ে তুলছেন সমাজের বিভিন্ন চরিত্র। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম অনুষ্ঠান মানে শিক্ষার্থী চোখে হাজারো স্বপ্নের সূচনা, এ নিয়ে রচিত হবে আগামীর সুন্দর ভবিষ্যৎ। এভাবে নানা আয়োজনে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিলো সাদার্ন ইউনিভার্সিটি।
সার্দান ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন, কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের উদ্যোগে স্প্রিং সেমিস্টার ২০২০ এর বিবিএ, ইংরেজি ও আইন বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, প্রফেসর মহিউদ্দিন খালেদ, প্রফেসর ড. ইসরাত জাহান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা ও বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।
উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান কাজ গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে আগামীর জন্য নিজেকে প্রস্তুত করা। যারা যত বেশি পড়াশুনাকে গুরুত্ব দেবে তারাই এগিয়ে যাবে। শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র সনদ অর্জন নয়, বরং নিজের অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতার বিশ্বে নিজেকে প্রমাণ করাই হচ্ছে সত্যিকারের সফলতা। সাদার্ন এর সুযোগ্য শিক্ষকবৃন্দ তোমাদের এগিয়ে নেবে আলোর পথে। তোমাদের আলোয় আলোকিত হবে এই বিশ্ববিদ্যালয়।
প্রফেসর সরওয়ার জাহান বলেন, শিক্ষার্থীরাই হচ্ছে ক্যাম্পাসের প্রাণ, আজ তোমাদের পদাচরণে মুখরিত চারিদিক, তোমরাই এগিয়ে নেবে বিশ্ববিদ্যালয়কে। পড়াশুনা, আচরণ, নৈতিকতা ও সর্বোপরি ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সাদার্নকে প্রতিনিধিত্ব করবে তোমরা। তোমাদের সফলতা মানে সাদার্ন এর সফলতা। তোমাদের সাফল্যের পথে সব সময় পাশে থাকবে সাদার্ন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসনের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা। নিজেদের বক্তব্যে নবীনরা জানান তাদের অনুভূতি।
