সিটি নিউজঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ‘১৫ ব্যাচের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাহমীদুল ইসলাম চৌধুরী (২৩) মারা গেছেন। (ইন্না..রাজেউন)।
আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার), সকাল ৯ টায় নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে চুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ির কে.বি. বাজার। তিনি শাহাব উদ্দিন আহমেদ এবং বেগম রোকসানা শাহাবের একমাত্র সন্তান।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান সংলগ্ন বুইজ্জার দোকান এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।
এদিকে তাহমীদুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র তাহমীদুল ইসলাম চৌধুরীর এই অকালে ঝরে যাওয়া আমাদের সকলকে অত্যন্ত বেদনাহত করেছে। তাঁর মৃত্যুতে চুয়েট পরিবারের জন্য বড় ক্ষতি। আমি চুয়েট পরিবারের পক্ষ থেকে তাহমীদুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। একইসঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন যেন তার পরিবারের সকলকে এ শোকের ভার বহনের ক্ষমতা দেন।
